০৭/০৬/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, আংশিক ব্যাহত স্বাস্থ্যসেবা

    জেড নিউজ ডেস্ক:

    ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

    একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের মূল ফটকে মানববন্ধনও করেন তারা। এর ফলে চমেক হাসপাতালে স্বাস্থ্যসেবা আংশিকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

    এর আগে রাত দেড়টার দিকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সময় দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

    ইন্টার্ন চিকিৎসকদের তথ্যমতে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস (ফেলোশিপ অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) প্রশিক্ষণসংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। ওই সিদ্ধান্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতা প্রদানের বিধান রাখা হয়।

    এসব সিদ্ধান্তকে চিকিৎসক সমাজের জন্য বৈষম্যমূলক ও অযৌক্তিক দাবি করে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

    আন্দোলনকারীদের ভাষ্য, তাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আংশিক অগ্রগতি হলেও বাকি দাবিগুলোর বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে আন্দোলন আরও জোরদার করার অংশ হিসেবে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন।

    এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

    তবে আন্দোলনের মুখে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে ভাতার আওতায় আসবেন।

    চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, “আমরা রোগীদের স্বার্থ বিবেচনা করে কর্মবিরতি পিছিয়েছিলাম। প্রশাসনকে শুরুতে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে কর্মবিরতি পালন করতে হচ্ছে।”

    তিনি বলেন, “দাবিগুলো শুধু ইন্টার্ন চিকিৎসকদের নয়, দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়ন ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

    কর্মবিরতির ফলে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা কিছুটা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়