জেড নিউজ ডেস্ক :
রোবোটিক্স প্রযুক্তিতে যুগান্তকারী এক অগ্রগতি ঘটিয়ে মানুষের নিখুঁত শারীরিক কসরত অনুকরণ করতে সক্ষম হয়েছে একটি হিউম্যানয়েড রোবট। ‘বিয়ন্ডমিমিক’ নামের নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্রেমওয়ার্কের সাহায্যে রোবটটি সফলভাবে কার্টহুইল (হাতে ভর দিয়ে চাকার মতো ডিগবাজি), ফ্লিপ কিক, টেনিস সুইং এবং জটিল মার্শাল আর্টস মুভ সম্পন্ন করতে পেরেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো-এসব জটিল শারীরিক ভারসাম্য ও গতি অর্জন করতে রোবটটিকে মাত্র আড়াই ঘণ্টা (২.৫ ঘণ্টা) মানুষের মোশন ডেটার ওপর প্রশিক্ষণ দিতে হয়েছে।
প্রচলিত পদ্ধতিতে কোনো রোবটকে জটিল শরীরচর্চা বা ভারসাম্যপূর্ণ খেলাধুলার কৌশল শেখাতে শত শত ঘণ্টার ডেটা, জটিল অ্যালগরিদম ও কড়া নির্দেশনার প্রয়োজন পড়ে। সামান্য ভারসাম্য হারালেই ধাতব শরীরের রোবট আছড়ে ভেঙে পড়ার ঝুঁকি থাকে। তবে ‘বিয়ন্ডমিমিক’ ফ্রেমওয়ার্কটি সম্পূর্ণ নতুন ধারার রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি ব্যবহার করে। এটি মানুষের গতিবিধির মূল ছন্দ ও গতিশীল ভারসাম্যকে দ্রুত আত্মস্থ করে স্বয়ংক্রিয়ভাবে নিজের মোটরের শক্তিমত্তা ও জয়েন্টের সঙ্গে মিলিয়ে নেয়। সূত্র : কামেরা ওয়ান।





