জেড নিউজ ডেস্ক :
গভীর সমুদ্রের চির অন্ধকার তলদেশে স্বচ্ছ কাচের মতো মাথা এবং মাথার ভেতরে উজ্জ্বল সবুজ চোখবিশিষ্ট এক অদ্ভুত ও অতি বিরল মাছের স্পষ্ট ভিডিও চিত্র ধারণ করেছেন সমুদ্রবিজ্ঞানীরা। জীববিজ্ঞানের জগতে ‘ব্যারেলআই ফিশ’ নামে পরিচিত এই প্রাণীর নিখুঁত দৃশ্য ক্যামেরাবন্দী করার ঘটনাকে আধুনিক সামুদ্রিক গবেষণায় বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
গবেষক দল বিশেষ রিমোট চালিত রোবট যানের সাহায্যে গভীর সমুদ্রে অনুসন্ধান চালানোর সময় প্রায় দুই হাজার ফুট গভীরে মাছটির দেখা পায়। মাছটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর মাথার ওপরের অংশটি সম্পূর্ণ স্বচ্ছ জেলির মতো আবরণে ঢাকা, যার ভেতর দিয়ে মস্তিষ্ক ও দুটি নলাকার সবুজ চোখ বাইরে থেকেই স্পষ্টভাবে দেখা যায়। চোখের সামনে যে দুটি কালো বিন্দুর মতো অংশকে সাধারণ দৃষ্টিতে চোখ মনে হয়, সেগুলো আসলে চোখ নয়- বরং তার ঘ্রাণ নেওয়ার ছিদ্র।বিজ্ঞানীরা জানান, গভীর সমুদ্রের সূর্যালোকহীন অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এ মাছের এমন রূপান্তর। এর উজ্জ্বল সবুজ রঙের চোখ দুটি মাথার ভেতরেই ওপর-নিচ ও সামনে ঘুরতে পারে। সমুদ্রের গভীরে ভেসে বেড়ানো জেলফিশ বা শিকারের শরীর থেকে প্রতিফলিত হালকা আলো শনাক্ত করতে ওপরের দিকে তাকিয়ে থাকে এই চোখ। অত্যন্ত বিরল এ মাছের এমন স্পষ্ট ও নিখুঁত ভিডিও সামুদ্রিক বাস্তুতন্ত্রের অজানা রহস্য উন্মোচনে নতুন তথ্য জোগাবে বলে আশা করছেন গবেষকরা





