জেড নিউজ ডেস্ক :
কবি জসীমউদ্দীনের কালজয়ী কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন পরিচালক নিজেই।
দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। ছবির চিত্রগ্রহণ করছেন রাকিবুল হাসান, সম্পাদনায় রয়েছেন মহাদেব শি এবং শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছেন চিত্রলেখা গুহ।
সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। ছবিটির সহপ্রযোজক হাসনা জসীমউদ্দীন মওদুদ।
‘সোজন বাদিয়ার ঘাট’-এর নামভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস। দুলি চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। এ ছাড়া সোজন ও দুলির শৈশবের চরিত্রে অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।
ছবিটিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’-এর মূল উপজীব্য দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর প্রেম এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সামাজিক ও সাম্প্রদায়িক বাস্তবতা। লোকজ জীবন, গ্রামীণ সমাজ ও মানবিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে জসীমউদ্দীনের এই কাব্যে। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে সেই সাহিত্যিক আখ্যান কীভাবে পর্দায় রূপ পায়, তা নিয়ে আগ্রহ তৈরি হতে পারে দর্শকদের মধ্যে।





