জেড নিউজ ডেস্ক :
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিলেন তারকা অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘ইকসান রনির পরিচালনায় ‘বাবাও মানুষ’ নামে একটি নাটকে আগে অভিনয় করেছিলাম। নাটকটি দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল। নতুন নাটকটি সম্পত্তির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একজন নারীর নিরন্তর সংগ্রামের গল্প। আমাদের সমাজে এখনও এমন অনেক পরিবার রয়েছে, যেখানে শুধু কন্যাসন্তান থাকার কারণে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার খর্ব করার চেষ্টা প্রায়ই দেখা যায়।’
তানিয়া বৃষ্টির কথায়, ‘এই নাটকে এমন বাস্তবতার চিত্র তুলে ধরার পাশাপাশি সমস্যার একটি ইতিবাচক সমাধানের দিকও দেখানো হয়েছে। আমার বিশ্বাস, গল্পটি দর্শকের ভালো লাগবে এবং সমাজের মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি বার্তা পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া, কিছুটা সুস্থ হয়ে আবার নিজের পেশাগত কাজে ফিরতে পেরেছি। নিজের চিরচেনা ভুবনে ফিরতে পেরে ভালোই লাগছে। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, সবার কাছে সেই দোয়া চাই।’
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তানিয়া আরও বলেন, ‘আমার শারীরিক অবস্থা এমন ছিল যে, হয়তো আর অভিনয়ে ফিরতে পারতাম না। তবে এখন আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা হয়তো অনেকেই মনে করেন, আমার নাটকে কাজ করা উচিত নয়। সেটি আপনাদের পরামর্শ। কিন্তু এমন অনেক মানুষও আছেন, যারা সব সময় চাইতেন আমি আবার অভিনয়ে ফিরি। তারা আমাকে ভালোবাসেন।’
তিনি আরও বলেন, ‘এই দীর্ঘ সময়ে সব সময় আমার পাশে ছিলেন। আমাকে সম্মান দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে কাজে ফেরার অনুপ্রেরণা দিয়েছে। পাশাপাশি অভিনয়কেও ভীষণভাবে মিস করতাম।’
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। নাটকটির সংলাপ রচনা করেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন তানিয়া বৃষ্টি। অবসর সময়ের বড় একটি অংশ কাটে তাঁর ছয়টি পোষা বিড়ালের সঙ্গে। কোথাও বাইরে যাওয়ার প্রয়োজন হলেও অনেক সময় পোষা বিড়ালগুলোকে সঙ্গে নিয়ে যান তিনি। তাদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।
নাটকটি সম্পর্কে পরিচালক ইকসান রনি বলেন, ‘অংশীদার আমাদের সমাজের পরিচিত একটি বাস্তবতার গল্প। এখানে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অসুস্থতা কাটিয়ে তানিয়া বৃষ্টি আবার কাজে ফিরেছেন, বিষয়টি আমার কাছে আনন্দের। তিনি বেশ আগ্রহ ও আনন্দ নিয়েই নাটকটিতে অভিনয় করেছেন।’
নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে ব্রেইন টিউমার শনাক্ত হয়। এরপর থেকেই শুরু হয় তাঁর চিকিৎসা। অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। প্রায় নয় মাস চিকিৎসা ও বিশ্রামে থাকার পর অবশেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।





