জেড নিউজ ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী গোয়াদরের সমুদ্র উপকূলে দেখা মিলল এক বিরল ও অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের। গভীর নীল সাগরের ঢেউয়ের ওপর একসঙ্গে পাঁচ শতাধিক ‘বটলনোজ ডলফিন’-এর দলবদ্ধ সাঁতার ও উচ্ছ্বসিত জলকেলি প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলে ও পর্যটকরা।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাগরের অগভীর অংশে বিশাল এক ঝাঁক ডলফিন ছন্দবদ্ধভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। জলচর এ প্রাণীদের দীর্ঘ সময় ধরে এমন সাবলীল ও বর্ণিল উপস্থিতি উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে।
সামুদ্রিক জীববিজ্ঞানীদের মতে, উষ্ণ পানির স্রোত, প্রজনন মৌসুম এবং ছোট মাছের সহজলভ্যতার কারণেই ডলফিনের এত বড় ঝাঁক একসঙ্গে উপকূলের কাছাকাছি জড়ো হয়েছিল। পরিবেশবিদরা একে সামুদ্রিক প্রতিবেশের অনুকূল পরিবেশ ও জীববৈচিত্র্যের সুস্থতার ইতিবাচক সূচক হিসেবে বর্ণনা করেছেন।





