জেড নিউজ ডেস্ক :
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের হুনজা জেলার আপার হুনজা তথা গোজাল উপত্যকার গুলমিত এলাকায় একটি বন্য ভাল্লুকের উপস্থিতির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ ভাল্লুকটিকে সরাসরি কেউ দেখতে না পেলেও নদীর ধারে ও একটি ব্রিজের কাছে এর বিশাল থাবার বা পাঞ্জার স্পষ্ট ছাপ দেখা গেছে।
গুলমিতের স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মাঝে এ খবর ছড়ানোর পর কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে বন্যপ্রাণী বিভাগের একটি বিশেষ দল ইতিমধ্যে ভাল্লুকটির অবস্থান ও গতিবিধি শনাক্ত করতে পুরো এলাকায় নজরদারি ও অনুসন্ধান শুরু করেছে। কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন যে, হিমালয়ান ব্রাউন বিয়ার বা হিমালয় অঞ্চলের বাদামি ভাল্লুক সাধারণত মানুষকে নিজে থেকে আক্রমণ করে না, যদি না তাদের উত্ত্যক্ত বা বিরক্ত করা হয়।
উপত্যকার বাসিন্দাদের একা চলাফেরা না করতে, গবাদি পশু নিরাপদে রাখতে এবং বনের নির্জন পথ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। একই সাথে যদি কেউ ভাল্লুকটির দেখা পান, তবে সেটির ক্ষতি না করে অবিলম্বে প্রশাসনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।





