জেড নিউজ, ঢাকা:
এইচএসসির ফলে দেশের ২৯৩টি শূন্য পাস প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে সরকার।
তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না।
তবে সেগুলোকে সীমিত পরিসরে কিভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কিভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।





