জেড নিউজ ডেস্ক :
হ্যালোইন উৎসবের আমেজে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার উৎসবকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্নধর্মী ও রহস্যময় সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে অপুর উপস্থিতিতে দেখা গেছে গথিক ধাঁচের সাজসজ্জা। কালো রঙের লেসের স্লিট গাউনে তাকে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে দেখা গেছে। ঝুলন্ত বাতির নিচে সোফায় শুয়ে থাকা থেকে শুরু করে হাতে প্রাচীন নকশার লণ্ঠন নিয়ে ক্যামেরার দিকে তাকানো, প্রতিটি ছবিতেই ছিল ভিন্ন এক আবহ।
অভিনেত্রীর এই বিশেষ সাজে বাড়তি মাত্রা যোগ করেছে গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ এবং ক্লাসিক ঢেউখেলানো চুলের স্টাইল। চোখের কনটাক্ট লেন্সও তার চেহারায় এনেছে অন্য রকম পরিবর্তন। সব মিলিয়ে চেনা অপুর বাইরে এক রহস্যময় রূপে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীদের অনেকেই তার ব্যতিক্রমী সাজের প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরেও দেখা গেছে নানা ইতিবাচক প্রতিক্রিয়া।
ফ্যাশন ও সাজসজ্জায় প্রায়ই নতুনত্ব নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এবার হ্যালোইন উপলক্ষে তার এই ভিন্নধর্মী উপস্থিতি আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও নিজের স্টাইল দিয়ে ভক্তদের চমকে দিতে জানেন এই অভিনেত্রী।





