জেড নিউজ ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। দেখতে দেখতে ৫২ পেরিয়ে ৫৩ বছরে পা রাখলেন জনপ্রিয় এই নায়িকা।
বিশেষ এই দিনটি এবারও দেশের বাইরে যুক্তরাষ্ট্রে কাটছে তার। প্রায় তিন বছর ধরে সেখানেই অবস্থান করছেন এই অভিনেত্রী। তবে দূরত্বের কারণে ভক্তদের ভালোবাসায় কোনো কমতি নেই। প্রতিবছরের মতো এবারও মৌসুমীর জন্মদিন ঘিরে ঢাকা ও ঢাকার বাইরে নানা আয়োজন করেছেন তার ভক্তরা।
অন্যদিকে স্ত্রীকে ঘিরে পরিবারের পক্ষ থেকেও থাকছে বিশেষ উদ্যোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর স্বামী ওমর সানী।
জন্মদিনে স্ত্রীকে ঘিরে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে বলেছে যেন আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যেন বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং এর পাশাপাশি আমি আরেকটা কাজও করছি সেটা আসলে কেউ জানুক তা চাই না।
কারণ সেটা জানানোর জন্য করছি না। আমি মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে থাকব। ব্যস, এতটুকুই।’
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে জন্মদিনের অনুভূতি জানিয়ে মৌসুমী বলেন, ‘এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার।
আম্মু, আমার মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করব। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই সময় কাটবে, নিজেরা নিজেরা খাওয়া-দাওয়া করব। ব্যস, এইতো। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তা ছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে কোনো কিছু করার কোনো রীতি নেই। এই সময়ে এসে সেটা আরো একটু মেনে চলার চেষ্টা করি আর কি। তারপরেও দেখা যায় যে ঢাকায় সানী নানা কিছু করে, আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ফ্যানরা অনেক কিছু করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, ভালোই লাগে। ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়া-দাওয়া করাতেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযাগিতা করতেন। কিন্তু বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে অনাগ্রহ ছিল তার। আবার আম্মু অনেক রান্নাবান্না করতেন, আত্মীয়-স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন আম্মু। সেই সময়টা আসলে মিস করি খুব।’
১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। সে হিসাবে আজ জীবনের ৫৩ বছরে পা দিলেন এই অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ওই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। চলচ্চিত্রে আসার আগে অবশ্য বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।
অভিষেকের পর সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন মৌসুমী। একই সময়ে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গেও জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁদের জুটির জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামী’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙ্গিন রংবাজ’।
মৌসুমীর ক্যারিয়ারের সঙ্গে ‘তিন’ সংখ্যাটিরও রয়েছে এক মজার যোগসূত্র। তিন অক্ষরের নাম তার, জন্মদিনও ৩ নভেম্বর। শুধু তাই নয়, অভিনয়জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়েও বারবার ফিরে এসেছে এই সংখ্যা।
ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘দোলা’তে প্রথমবারের মতো ওমর সানীর সঙ্গে জুটি বাঁধেন মৌসুমী। পর্দার সেই জুটি একসময় বাস্তবজীবনেও গড়ে তোলে সংসার। ক্যারিয়ারের তৃতীয় বছরেই ওমর সানীকে বিয়ে করেন তিনি। অভিনয়ের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনবার। ২০০১ সালে ‘মেঘলা আকাশ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী, ২০১৩ সালে ‘দেবদাস’ এবং ২০১৪ সালে ‘তারকাঁটা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী। এ ছাড়া ক্যারিয়ারে তিনটি সিনেমাও পরিচালনা করেছেন তিনি।
সব মিলিয়ে জন্মদিন থেকে শুরু করে নাম, অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে ‘তিন’ সংখ্যার উপস্থিতি মৌসুমীর ক্ষেত্রে তৈরি করেছে এক ব্যতিক্রমী মিল।





