জেড নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে পারেন— এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা ইতোমধ্যে ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সামনাসামনি স্বাক্ষরের জন্য শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে শিগগিরই চুক্তির পুরো পাঠ জনসমক্ষে প্রকাশ করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে ‘চমৎকার শান্তি চুক্তি’ বলে অভিহিত করেন জেডি ভ্যান্স। সেইসঙ্গে এটিকে আমেরিকান জনগণের জন্য ‘উভয় পক্ষের লাভজনক (উইন-উইন) সমঝোতা’ বলে উল্লেখ করেন তিনি।
ভিডিও বার্তায় ভ্যান্স বলেন, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দ্রুতই আবার স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, একইসঙ্গে এই চুক্তি নিশ্চিত করবে যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
ভ্যান্স বলেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তাহলে দেশটির জন্য বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
তার ভাষায়, ‘যদি ইরান দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করার প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তারা যদি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এমন কর্মসূচি আবার গড়ে তোলার মতো অর্থনৈতিক সক্ষমতা তাদের থাকবে না।’



