জেড নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে পুশ ইন সমস্যা সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে স্টিফেন দুজারিকের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে আবারও বলছি—আন্তর্জাতিক মনোযোগ এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, লেবানন, দক্ষিণ সুদান এবং হাইতির দিকে। কিন্তু বাংলাদেশ ও ভারতের সীমান্তে শত শত শিশু ও নারীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে। নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই বিষয়টিকে কীভাবে দেখছেন?
জবাবে জাতিসংঘ মহসচিবের মুখপাত্র বলেন, ‘দেখুন, আমি মনে করি—এই বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত এবং এতে মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে।’
দ্বিতীয় আরেকটি প্রশ্নে দুজারিকের কাছে জানতে চাওয়া হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (জিএ) নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। আর কয়েক মাস পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন। অন্যদিকে, মহাসচিব এর আগে শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে এখন কি আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হতে পারি?
জবাবে তিনি বলেন, ‘সাধারণ পরিষদের সভাপতির ভূমিকা হলো সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করা। তাই মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে যোগাযোগ হবে, তা সাধারণ পরিষদ-সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই হবে। আর রোহিঙ্গা বিষয়ক কাজ চলতে থাকবে।’



