জেড নিউজ, ঢাকা:
কড়া রোদ আর ভ্যাপসা গরমে পুড়ছে দেশ, ঘরের বাইরে কিংবা ভেতরে কোথাও নেই স্বস্তি। সবার মনে এখন একটাই প্রশ্ন—কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলবে কবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও অন্তত ২-৩ দিন স্থায়ী হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী সপ্তাহের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আবহাওয়াবিদ বলেন, ৮ থেকে ১৫ জুনের মধ্যে দেশে মৌসুমি বায়ু (বর্ষাকাল) সেট হবে। তখন দেশজুড়ে ভারী বৃষ্টি হতে থাকলে গরমও কমে যেতে পারে। এর আগে মোটামুটি ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।



