জেড নিউজ স্পোর্টস:
৭-১! উপমহাদেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্কোরলাইন পরিচিত ‘সেভেন আপ’ নামে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে এই স্কোরলাইনে হারিয়ে এর জন্ম দিয়েছিল জার্মানি। সেই জার্মানরা সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটাল গত রাতে। রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে তারা। তাতে ব্রাজিলের একটি বিশ্বরেকর্ডও কেড়ে নিয়েছে দলটি। বিশ্বকাপে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। ফিরিয়ে এনেছে ব্রাজিলের দুঃস্বপ্নের স্কোরলাইন!
ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়া গোল করে চমক দেখায় কুরাসাওকে। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ছোট্ট দেশটি।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮তম মিনিটে নিকো শ্লোটারবেক জার্মানিকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতির পরও জার্মানির আক্রমণের ধার কমেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জামাল মুসিয়ালা চতুর্থ গোল করেন। এরপর দুর্দান্ত এক ভলিতে পঞ্চম গোলটি যোগ করেন নাথানিয়েল ব্রাউন। এরপর ডেনিজ উনদাভ আরও একটি গোল করেন। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির ৭-১ গোলের বড় জয় নিশ্চিত করেন হাভার্টজ।
জার্মানির কাছে বড় ব্যবধানে হারলেও ইতিহাস গড়েছে কুরাসাও। আয়তন ও জনসংখ্যার বিচারে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে নিজেদের নাম লেখানোর পাশাপাশি কোমেনেনসিয়ার গোলে স্মরণীয় একটি মুহূর্তও উপহার দিয়েছে তারা।



