জেড নিউজ, ঢাকাঃ
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। তিনি বলেন, আবুধাবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের দিন থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যার্পণের আবেদন করতে হবে।
বেনজীরের বিরুদ্ধে দেশে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ৪৭১ এবং ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ৫/২, ২৬/২ এবং ২৭/১, বাংলাদেশ পাসপোর্ট অ্যাক্ট ১৯৭৩-এর ১১ ধারার মামলা বিচারাধীন আছে।
এ বিষয়ে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যার্পন অনুরোধ প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করা হবে। তাকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে।



