জেড নিউজ, ঢাকা :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে।
শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে উপস্থিত হন তিনি। সাড়ে ৩টার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে শুরু হয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি।
শোভাযায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
কাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ ব্যানার নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে আশপাশের এলাকাতেও জমেছে নেতা-কর্মীদের ভিড়।
এ শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। ঘোড়ার গাড়ি ও হাতিসহ ব্যানার, ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এই আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।




