১০/০৬/২০২৬, ১৮:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রথম বাজেটে দেশের সব খাতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। বিনিয়োগ আকর্ষণ করা, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে বাজেটে।’ আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘১১ জুন এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানে আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন তাদের ( বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন) জন্য এমন সুবিধা তৈরি করা, যেখানে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে।’

    তিনি আরও বলেন, ‘তারই অংশ হিসেবে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এবং বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকারের সময়ে  দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসাবান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে।’

    এ সময় তিনি বলেন, ‘বিনিয়োগ আকর্ষণ করতে আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততর করা, রপ্তানি নীতি হালনাগাদ করা এবং আমদানি নীতি হালনাগাদ করা,  রপ্তানির উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার পদক্ষেপ,  বন্ডেড এবং নন-বন্ডেড সকল প্রতিষ্ঠানসমূহকে এফওসি ভিত্তিতে আমদানির সুযোগের আওতা আরও সম্প্রসারিত করা হচ্ছে।’

    তারেক রহমান বলেন, ‘আমদানি সহজীকরণের লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে এবং সব আমদানিকারকদের জন্য মূল্যসীমা নির্বিশেষ এলসি ব্যতীত চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি বাস্তবায়ন ও ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের জন্য সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রাতিষ্ঠানিক জটিলতা হ্রাস ও সেবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ একীভূতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

    তিনি বলেন, ‘একই সঙ্গে  মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত ও নীতিগত সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। মূলধন ও বিনিয়োগ প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজ করা হয়েছে। লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা হয়েছে।’

    তারেক রহমান বলেন, ‘সেইসাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং পণ্য পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে লজিস্টিক প্রক্রিয়া সহজীকরণ, বন্দর ও পরিবহন অবকাঠামোর আধুনিকায়ন এবং নতুন অর্থনৈতিক অঞ্চলসমূহ দ্রুত কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় ও সময় কমানোর লক্ষ্যে নতুন বন্দর অবকাঠামো নির্মাণ ও বিদ্যমান সুবিধার সম্প্রসারণ করা হচ্ছে।’

    তিনি বলেন, ‘লালদিয়া টার্মিনাল চলতি বছর কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে এবং বে-টার্মিনাল প্রকল্পের বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ অগ্রসর হচ্ছে, যা সম্পন্ন হলে বৃহৎ জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করতে পারবে এবং দেশের বৈদেশিক বাণিজ্যের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়