০৬/০৬/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ককরোচের বিক্ষোভে উত্তাল দিল্লি

    জেড নিউজ ডেস্ক:

    ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে জনতা পার্টি (সিজেপি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

    আজ শনিবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় ককরোচ জনতা পার্টির সমর্থকদের উদ্দেশে দীপকে বলেন, “বন্ধুরা, এটা একটা দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পেরিয়ে গেছে; কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে। আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন, কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না।”

    “আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে। আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।”

    ককরোচ জনতা পার্টির ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়েছেন শত শত কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন।

    উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমানায় ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

    সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের যুব সম্প্রদায়ের একাংশকে ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর বিতর্ক শুরু হয়েছিল। প্রধান বিচারপতির মতে, এই তরুণ-তরুণীরা অন্য কোনও পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজমাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ করেন ও সকলকে আক্রমণ করেন।

    প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত ১৬ মে সিজেপির পথচলা শুরু। ‘অনলাইন স্যাটায়ার মুভমেন্ট’ (ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন) হিসাবে পথ চলা শুরু করার মাত্র কয়েক দিনের মধ্যে সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলে দেয় সিজেপি। ইতোমধ্যে এই প্ল্যাটফরমের সমর্থকের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে।

    চলতি বছর ভারতের এনইইটি-ইউজি ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষার অন-স্ক্রিন মার্কিং মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এসব পরীক্ষার প্রশ্নফাঁসের জন্য ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে সিজেপি।

    এই দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি; কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়— সিজেপির প্রধান সংগঠক সশরীরে এসে যদি আবেদন করেন— কেবল তাহলেই এ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে।

    পুলিশের এই শর্ত মেনে নিয়ে আজ শনিবার যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে পৌঁছান দীপকে। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেই দেশেই স্থায়ীভাবে বসবাস করছেন।

    সিজেপির এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন ভারতের বিখ্যাত সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক-ও। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পুলিশ যদি কোনো কারণে অভিজিৎ দিপকে-কে গ্রেপ্তার করে, তবে তিনি টানা ৬ সপ্তাহের অনশনে বসবেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়