জেড নিউজ, ঢাকা
মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জিয়ার উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, আঃ রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মো. জহির উদ্দিন, আজিজুল, উজ্জল, মো. সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে ৫ বছর করে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ৬ মাস করে এবং সাহেরা ও খাতুনীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জল, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া এলাকায় বিদেশে থাকা হাসিনা নামের এক নারীর রেখে যাওয়া জমি ও ব্যাংকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার দিন বিরোধ মীমাংসার কথা বলে টেন্ডুল মোল্লা, করিম মোল্লা ও আজিজ মোল্লাকে সামছুল হকের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার জানান, মামলায় ২৪ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২১ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।





