২০/০৬/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শিশুদের ‘সফট টয়’ পরিষ্কার করবেন যেভাবে

    জেড নিউজ, ঢাকা:

    শিশুদের সবচেয়ে প্রিয় খেলনার তালিকায় সফট টয় বা টেডি বিয়ারের নাম সবসময়ই থাকে। নরম, তুলতুলে এই খেলনাগুলো তারা সারাক্ষণ জড়িয়ে ধরে রাখে, সঙ্গে নিয়ে ঘুমায়, খেলে, এমনকি অনেক সময় মুখেও দেয়। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এই প্রিয় খেলনাই হয়ে উঠতে পারে নানা রোগের কারণ।

    সফট টয় সাধারণত ফোম, তুলা বা নরম সিনথেটিক উপাদান দিয়ে তৈরি হয়। ফলে এগুলো খুব সহজেই ধুলাবালি, ঘাম, জীবাণু ও অ্যালার্জির উপাদান শোষণ করে নেয়। বাইরে থেকে দেখতে পরিষ্কার মনে হলেও এর ভেতরে জমে থাকতে পারে অসংখ্য জীবাণু। তাই শিশুর সুস্থতার জন্য সফট টয় নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

    কেন পরিষ্কার রাখা জরুরি?

    শিশুরা খেলনা নিয়ে খেলার সময় বারবার মুখ, চোখ কিংবা ত্বকের সংস্পর্শে আসে। নোংরা সফট টয়ে জমে থাকা ধুলা ও ব্যাকটেরিয়ার কারণে ত্বকে র‍্যাশ, চুলকানি বা অ্যালার্জি দেখা দিতে পারে। অনেক সময় শিশুরা খেলনা মুখে দেয়, ফলে পেটের সংক্রমণ বা হজমজনিত সমস্যাও হতে পারে। এছাড়া ধুলাবালিতে সংবেদনশীল শিশুদের ক্ষেত্রে নোংরা সফট টয় শ্বাসকষ্ট, হাঁচি-কাশি কিংবা চোখে অ্যালার্জির কারণ হতে পারে। তাই খেলনা পরিষ্কার রাখার বিষয়টিকে অবহেলা করা উচিত নয়।

    ধোয়ার আগে লেবেল দেখে নিন

    সব সফট টয় একইভাবে পরিষ্কার করা যায় না। তাই প্রথমেই খেলনার সঙ্গে থাকা লেবেল বা ট্যাগ দেখে নেওয়া প্রয়োজন। সেখানে সাধারণত উল্লেখ থাকে খেলনাটি ওয়াশিং মেশিনে ধোয়া যাবে কি না কিংবা বিশেষ কোনো পরিষ্কার পদ্ধতি অনুসরণ করতে হবে কি না।

    যদি ড্রাই ক্লিন অনলি লেখা থাকে, তাহলে সেটি পানিতে ধোয়া ঠিক হবে না। এতে খেলনার ফোম বা ভেতরের উপাদান নষ্ট হয়ে যেতে পারে।

    ওয়াশিং মেশিনে পরিষ্কার করা

    যেসব সফট টয় মেশিনে ধোয়া যায়, সেগুলো কাপড় ধোয়ার মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। খেলনাগুলো একটি লন্ড্রি ব্যাগ বা বালিশের কভারের ভেতরে রেখে ধুলে আরও নিরাপদ থাকে। হালকা বা জেন্টল ওয়াশ মোড ব্যবহার করলে খেলনার আকৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।

    হাতে ধোয়ার পদ্ধতি

    যেসব সফট টয় মেশিনে ধোয়া যায় না, সেগুলো ঈষদুষ্ণ পানিতে অল্প সাবান মিশিয়ে হাতে পরিষ্কার করতে পারেন। নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতোভাবে মুছে ময়লা তুলে ফেলুন। এরপর পরিষ্কার পানি দিয়ে সাবানের অংশ দূর করে ফেলুন।

    বেকিং সোডা দিয়ে শুকনো পরিষ্কার

    অনেক খেলনা রয়েছে যেগুলো পানিতে ধোয়া নিরাপদ নয়। সেক্ষেত্রে বেকিং সোডা একটি কার্যকর সমাধান হতে পারে। খেলনার ওপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে ফেলুন। এতে ধুলা, ময়লা ও দুর্গন্ধ অনেকটাই দূর হয়ে যায় এবং খেলনা সতেজ থাকে।

    রোদে শুকানো সবচেয়ে গুরুত্বপূর্ণ

    খেলনা ধোয়ার পর অবশ্যই ভালোভাবে শুকাতে হবে। সম্ভব হলে কয়েক ঘণ্টা কড়া রোদে রাখুন। সূর্যের আলো প্রাকৃতিকভাবে অনেক ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া রোদে শুকালে খেলনায় স্যাঁতসেঁতে গন্ধ থাকে না এবং ফাঙ্গাস হওয়ার ঝুঁকিও কমে যায়।

    শিশুর প্রিয় টেডি বিয়ার বা সফট টয় শুধু খেলনা নয়, অনেক সময় তাদের আবেগেরও অংশ হয়ে ওঠে। তাই শিশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত এসব খেলনা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়