২০/০৬/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পরীক্ষার্থী মহারাষ্ট্রের, মেডিকেল ভর্তি পরীক্ষার সিট পড়েছে দুবাই!

    জেড নিউজ, ঢাকা:

    ভারতে মেডিকেল কলেজে ভর্তির অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ শুরুর ঠিক আগের দিন এক চরম বিভ্রান্তি ও গাফিলতির খবর সামনে এসেছে। ভারতের নাগপুরের এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র হিসেবে ভারতের কোনো শহরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিকে।

    ভারতের জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র দেওয়া প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে এই অদ্ভুত ভুল ধরা পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামীকাল রোববার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ মোহাম্মদ তালিব। মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের বাসিন্দা আবদুল্লাহর পাসপোর্টও নেই, যার ফলে তাঁর পক্ষে পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

    আবদুল্লাহর পরিবার জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আবদুল্লাহ তাঁর পরীক্ষার কেন্দ্রের পছন্দক্রম হিসেবে ভারতের নাগপুর, ওয়ার্ধা এবং ভান্ডারা শহরকে নির্বাচন করেছিলেন। কিন্তু গতকাল এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাঁরা দেখতে পান, আবদুল্লাহর পরীক্ষার কেন্দ্র পড়েছে আবুধাবির একটি ভারতীয় স্কুলে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের স্ক্রিনশটে দেখা যায়, স্পষ্টাক্ষরে পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র সঙ্গে আলাপকালে শিক্ষার্থীর বাবা চিকিৎসক মোহাম্মদ তালিব ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা পুরো ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছি। অ্যাডমিট কার্ডটি দেখার পর থেকে আমার ছেলে অনবরত কাঁদছে। সবচেয়ে বড় কথা হলো, ওর কোনো পাসপোর্টও নেই। ও কীভাবে পরীক্ষা দিতে বিদেশে যাবে?’

    ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে এবং বিষয়টি ভারতের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র নজরে আনা হলে তারা ভুলটি স্বীকার করে নেয়।

    সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে হয়েছে।

    আজ শনিবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ এনডিটিভি-র একটি পোস্টের জবাবে এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীর অভিযোগটি তারা গুরুত্ব সহকারে দেখছে। যথাযথ যাচাইকরণের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবদুল্লাহর জন্য নাগপুরেই একটি নতুন পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করে সংশোধিত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। এনটিএ আবদুল্লাহর পরিবারকেও বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে।

    প্রশ্ন ফাঁস নিয়ে তীব্র বিতর্কের পর পুনরায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘রি-নিট ইউজি ২০২৬’ পরীক্ষাটি আগামীকাল ২১ জুন পেন-অ্যান্ড-পেপার (অফলাইন) মোডে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলার কথা রয়েছে।

    পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ছবি বা পরীক্ষাকেন্দ্র নিয়ে যেকোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে তা অবিলম্বে এনটিএ কর্তৃপক্ষের হেল্পলাইনে যোগাযোগ করে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

    শিক্ষার্থীদের হয়রানির এমন গাফিলতির ঘটনা এবারই প্রথম নয়। তবে পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে পাসপোর্টহীন একজন সাধারণ শিক্ষার্থীর কেন্দ্র বিদেশে নির্ধারণ করার মতো ঘটনা ভারতের জাতীয় স্তরের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনাকে আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়