২১/০৪/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ২০০ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড অলিখিত ‘ফাইনালের’টিকিট

    জেড নিউজ স্পোর্টস:

    বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ লড়াইটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে অঘোষিত এই ফাইনাল। এই ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

    বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০ টাকা দিয়ে দর্শকরা খেলা দেখতে পারবে স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে। এছাড়া পশ্চিম গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

    সবচেয়ে বেশি দামে বিক্রি হবে পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্র্যান্ড স্ট্যান্ড এবং দুই প্যাভিলিয়ন এন্ডের টিকিট। এই চারটি ভিআইপি ক্যাটাগরির প্রতিটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

    ওয়ানডে সিরিজে এরই মধ্যে ১-১ ব্যবধানে সমতায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে চট্টগ্রামের এই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে।

    ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। আগামী ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চট্টগ্রামেই। এরপর ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজের সব কটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়