spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয়, কেন জানালেন ফারহান

জেড নিউজ, ডেস্ক :   

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও পরিচিত তিনি। আরেক বলিউড অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। ২৫ বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

সেই সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ে আমির খানকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না। চড়গুলো ছিল সত্যি। কিন্তু কেন এমন করতে হয়েছিল? সম্প্রতি সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আড্ডায় সেই ঘটনার কারণ জানিয়েছেন পরিচালক ফারহান আখতার ও আমির খান।

ফারহান আখতার জানান, ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যে অক্ষয়কে আমিরকে ১৭ বার চড় মারতে হয়েছিল। দৃশ্যটি এতটাই বাস্তব ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা সাইফ আলী খানও প্রথমে বুঝতে পারেননি, চড়গুলো সত্যি নাকি অভিনয়ের অংশ।

ফারহান বলেন, ‘আমি আমিরকে বলেছিলাম, অক্ষয় কিন্তু সত্যিই চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিল। প্রথমে ঠিক ছিল সংলাপ শেষ হওয়ার পর চড় মারা হবে। কিন্তু আমি অক্ষয়কে বলেছিলাম, সংলাপ চলার সময়ই চড় মারতে হবে। তাহলে আমিরের মুখের বিস্ময়টা ক্যামেরায় আরও ভালোভাবে ধরা পড়বে।’

পরিচালকের পরিকল্পনা অনুযায়ী শুটিং হলেও চড়ের আঘাত কম ছিল না। ফারহান জানান, শুটিং শেষে আমিরের মুখে চড়ের দাগ স্পষ্ট হয়ে যায়। মুখের এক পাশ ফুলেও গিয়েছিল।

প্রথম চড় খেয়ে কিছুটা চমকে গেলেও পরে আমির নাকি বলেছিলেন, আরও কয়েকটি চড় মারা হোক। তবে অক্ষয়ের চড় এতটাই জোরে ছিল যে শেষ পর্যন্ত আমিরের মুখ ফুলে যায়। ফারহানের ভাষায়, দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতা তার সারা জীবন মনে থাকবে।

আমির খান, সাইফ আলী খান ও অক্ষয় খান্না অভিনীত ‘দিল চাহতা হ্যায়’ মুক্তি পায় ২০০১ সালে। এটি ছিল ফারহান আখতারের পরিচালক হিসেবে প্রথম সিনেমা। মুক্তির পর বন্ধুত্ব, সম্পর্ক ও তারুণ্যের গল্পের কারণে দর্শক-সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি।

২৫ বছর পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বলিউডের অন্যতম জনপ্রিয় বন্ধুত্বের সিনেমা হিসেবে এখনো আলোচনায় আসে ‘দিল চাহতা হ্যায়’।

প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আমির খান। কাজের প্রতি নিখুঁত মনোযোগের কারণে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত। ১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও ১৯৮৮ সালের ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার মাধ্যমে প্রথম বড় সাফল্য পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়