spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

জেড নিউজ, ঢাকা:

নানা সুবিধা ও নীতিগত ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকাররা বলছেন, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায় করতে না পারায় খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি।

এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের হারও বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি

খাতভিত্তিক হিসাবে, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই খেলাপি।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ খেলাপি।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা। এসব ব্যাংকের মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ খেলাপি হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়