জেড নিউজ, ঢাকা:
বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচ ঘরামী বলেন, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





