spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ বেশি তাপ শোষণ করেছে বিশ্বের মহাসাগরগুলো

জেড নিউজ ডেস্ক:

গত এক বছরে সারা বিশ্বের সাগরগুলোতে রেকর্ড ২৩ জেটা জুল তাপ শোষিত হয়েছে। ফলে সাগরের পানি যেমন আরও উত্তপ্ত হয়েছে, তেমনি বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, আর সামুদ্রিক পরিবেশ জীবনের জন্য আরও প্রতিকূল হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে এমন তথ্য দেখা গেছে।

পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে গভীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এসব জলাধার সুদূরপ্রসারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যেই সাগরে এই বিপুল পরিমাণ তাপশক্তি যুক্ত হলো। সমুদ্রে যুক্ত হওয়া এই তাপশক্তির পরিমাণ গত এক বছরে মানবজাতির ব্যবহৃত মোট শক্তির চেয়েও প্রায় ৪০ গুণ বেশি।

কোপারনিকাস ওশান স্টেট রিপোর্টের দশম সংস্করণ অনুসারে, ১৯৯৯ সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে প্রায় ৩.৮ মিলিমিটার হারে বেড়েছে। তবে ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে এই বৃদ্ধির হার আরও দ্রুততর হয়ে বার্ষিক ৪.২ মিলিমিটারে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে, গত ৪০ বছরে বৈশ্বিক মহাসাগর ১৭ শতাংশ বেশি অম্লীয় (অ্যাসিডিক) হয়ে উঠেছে।

মানুষ যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গমন করেছে, মহাসাগরগুলো তার প্রায় এক-তৃতীয়াংশ শোষণ করে নিয়েছে। এছাড়া গ্রিনহাউস গ্যাস দূষণের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে পড়া অতিরিক্ত তাপের প্রায় ৯০ সত্নাস মহাসাগরগুলো গ্রহণ করেছে।

প্রতিবেদন প্রকাশকারী সংস্থা মার্কেটর ওশান ইন্টারন্যাশনালের মহাপরিচালক পিয়েরে বাহুরেল বলেন, ‘আমাদের চোখের সামনেই মহাসাগরগুলো বদলে যাচ্ছে। সাগর উত্তপ্ত হওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুতন্ত্রের অবক্ষয় সবই উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদি পরিবর্তনের আন্তঃসংযুক্ত লক্ষণ।’

বিজ্ঞানীরা দেখেছেন, বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ। ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর রেকর্ডভাঙা সামুদ্রিক তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। সমুদ্রপৃষ্ঠের অনেক গভীরেও এই চড়া তাপমাত্রা বজায় থাকছে। কখনো কখনো এই তীব্র তাপমাত্রা টানা এক মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে।

বিজ্ঞানীরা পশ্চিম ভূমধ্যসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সুস্পষ্ট ঊর্ধ্বগতি লক্ষ করেছেন, যদিও সাগরটির পূর্বাংশে এই বৃদ্ধি কিছুটা অসম ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ভূমধ্যসাগর প্রতি দশকে ০.৩২ ডিগ্রি সেলসিয়াস হারে উত্তপ্ত হচ্ছে। এতে সামুদ্রিক তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে।

তীব্র গরমের গ্রীষ্ম পার করার পর পশ্চিম ইউরোপ এখন অস্বাভাবিক উষ্ণ সেপ্টেম্বর মাস পার করছে। গত সপ্তাহেই স্পেন ও পর্তুগালের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সেই মুহূর্তেই এ প্রতিবেদন প্রকাশিত হলো।

গবেষণা প্রতিষ্ঠান এজেডটিআই-এর সামুদ্রিক বাস্তুবিদ্যাবিদ অ্যাঞ্জেল বোরজা এ প্রতিবেদনের সাথে যুক্ত ছিলেন না। তিনি বলেন, কয়েক বছর ধরেই এসব প্রভাব দেখা যাচ্ছে। ভবিষ্যতে যে এসব আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

তাপের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য কী ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে, তা এই প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের প্রায় ৮৪ শতাংশ প্রবালপ্রাচীর ব্লিচিং বা বর্ণহীন হয়ে যাওয়ার মতো তীব্র তাপীয় চাপের শিকার হয়েছে।

গত ৩০ বছরে মহাসাগরের প্রায় ৫ শতাংশ এলাকায় ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধির ধরনে স্থায়ী পরিবর্তন দেখা গেছে। ফাইটোপ্ল্যাঙ্কটন একধরনের অতিক্ষুদ্র জলজ অণুজীব, যা সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের মূল ভিত্তি হিসেবে কাজ করে ও কার্বন প্রবাহ নিয়ন্ত্রণ করে। এছাড়া ২০২২ সালে অ্যান্টার্কটিকা অঞ্চলে সাগরের বরফ রেকর্ড পরিমাণ কমে যায়। সেই সময়ে সেখানকার এম্পেরর পেঙ্গুইনের চারটি কলোনি প্রজনন প্রক্রিয়া ব্যর্থ হয়।

এসব তথ্য কোপারনিকাসের আরেকটি পৃথক গবেষণার পাশাপাশি প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় দেখা গেছে, এ বছর তীব্র গরম ও দূষিত বাতাসের মিশ্রণের কারণে বিশ্বের এক-তৃতীয়াংশের বেশি মানুষ বিপজ্জনক মাত্রার ভূপৃষ্ঠ-সংলগ্ন ওজোন দূষণের শিকার হয়েছে।

‘ওজোন-ক্লাইমেট পেনাল্টি’ নামে পরিচিত এই প্রক্রিয়াটি মূলত কিছু রাসায়নিক পরিবর্তনের ফল। বাতাসে থাকা নির্দিষ্ট কিছু দূষক উপাদান যখন অতিরিক্ত তাপ ও সূর্যালোকের সংস্পর্শে আসে, তখনই এই পরিবর্তন ঘটে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের প্রথম আট মাসে বিশ্বের মাত্র ৫ শতাংশ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ‘ভালো’ মাত্রার ওজোনের সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়