জেড নিউজ ডেস্ক :
কাককে এমনিতেই অন্যতম বুদ্ধিমান পাখি হিসেবে গণ্য করা হয়, তবে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় কাকের বুদ্ধিমত্তার যে তথ্য উঠে এসেছে তা বিজ্ঞানীদেরও রীতিমতো চমকে দিয়েছে। নতুন এ গবেষণায় দেখা গেছে, জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কাক মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাণীদের স্নায়বিক প্রক্রিয়া ও চিন্তাশক্তি নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা কাকের ওপর একটি বিশেষ পরীক্ষা চালান। পরীক্ষায় কাকদের সামনে কিছু জটিল সংকেত ও সমস্যা তুলে ধরা হয়, যেখানে সঠিক বিকল্পটি বেছে নিতে তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। দেখা গেছে, তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে কাক যে সময় নেয়, একই ধরনের মানসিক প্রক্রিয়ায় মানুষের তার চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগে।
গবেষকদের মতে, পাখিদের মস্তিষ্ক আকারে ছোট হলেও এর স্নায়ুকোষ বা নিউরনগুলো অত্যন্ত ঘনসন্নিবিষ্ট। বিশেষ করে কাকের মস্তিষ্কের কাঠামো এমনভাবে গঠিত যা প্রাইমেট বা মানুষের মস্তিষ্কের উচ্চতর চিন্তাশক্তির অংশের মতোই কাজ করে। আর মস্তিষ্কের এ ক্ষুদ্র অথচ অত্যন্ত কার্যকর বিন্যাসের কারণেই স্নায়বিক সংকেত খুব দ্রুত প্রবাহিত হয়, যা কাককে চোখের পলকে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
প্রকৃতিতে টিকে থাকার লড়াই এবং শিকারি প্রাণীর হাত থেকে নিজেকে বাঁচানোর বিবর্তনমূলক প্রয়োজন থেকেই কাকের মধ্যে এ অতিদ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে বলে মনে করছেন প্রাণিবিজ্ঞানীরা।





