spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

জেড নিউজ স্পোর্টস:

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে হতাশার হার দিয়ে অভিযান শুরু করেছে দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে চার ওভার বোলিং করে ৩৭ রান দিলেও কোনো উইকেট পাননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

রবিবার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই ক্যাপিটালস। ১৩ বল হাতে রেখেই মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় দলটি।

আবুধাবির ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান তুলে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তারা। তবে পরের আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে দলটি।

কবজিতে চোট পেয়েও বোলিং চালিয়ে যান মুস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ক্যাচ মিসের ঘটনা দেখেন তিনি। নিজের প্রথম ওভারে ৮ রান দিলেও পাওয়ার প্লেতে করা দ্বিতীয় ওভারে খরচ করেন ১৬ রান। ওই ওভারে আন্দ্রে ফ্লেচার ও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।

তবে পরের স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করেন বাঁহাতি এই পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন তিনি। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন মুস্তাফিজ।

নিজের শেষ ওভারে রাসেলকে ছক্কা হজম করলেও শেষ বলে দারুণ এক ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। কিন্তু আগের বলে নো-বল হওয়ায় সেটি ছিল ফ্রি হিট। ফলে উইকেটের দেখা পাননি তিনি।

আবুধাবির হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফিন অ্যালেন। ৩৮ বলে ৭৪ রান করেন এই কিউই ব্যাটার। আন্দ্রে ফ্লেচার করেন ৪৯ বলে ৫৫ রান। অ্যালেন ও ফ্লেচারের ৭৬ বলে ১১৯ রানের উদ্বোধনী জুটিই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

বল হাতে দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। শেষদিকে কারিম জানাত মাত্র ৮ রান দিয়ে তুলে নেন গুলবাদিন নাইব ও আন্দ্রে রাসেলের উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়