জেড নিউজ, ঢাকা:
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের বাড়তি দাম এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানা। শিল্প খাতের উৎপাদন শূন্য দশমিক ৪০ শতাংশ কমেছে। গত বছর বিদ্যুৎ সরবরাহ নিয়ে কারখানাগুলোর সন্তুষ্টি ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারছে না। এতে নতুন বিনিয়োগ, কারখানা সম্প্রসারণ এ কর্মসংস্থানে ভাটা পড়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট (বিআইডিএস) এবং ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক যৌথ জরিপে শিল্পের এমন চিত্র উঠে এসেছে। গত এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোর অবস্থা নিয়ে জরিপ করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়।
বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক একে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, জরিপে ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব খাত দেশের মাঝারি ও বড় শিল্পের উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার গড় ব্যয় ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও ২০২৬ সালের এপ্রিল-জুনে তা কমে ৬৬ শতাংশে নেমেছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানা ১৯ থেকে বেড়ে ২৮টিতে উন্নীত হয়েছে। প্রকৃত শিল্প উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।
জরিপে অংশ নেওয়া শিল্প-কারখানার প্রতিনিধিরা জানান, কারখানাগুলোতে দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে। কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের ব্যয়কেও ৩৭ শতাংশ কারখানা প্রধান তিনটি বাধার মধ্যে রেখেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা। এদিকে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।
জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যা ১৯ শতাংশ কমে ৩৯ থেকে ৩২ জনে নেমেছে। ২০২৭ সালে এসব কারখানায় ৭ হাজার ৬৯১ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে। জরিপের ফল বিশ্লেষণ বলছে, তিন মাস আগের তুলনায় কারখানাগুলোর বর্তমান অবস্থা পরিমাপকারী পাঁচটি সূচকেরই স্কোর যা ৩৬ থেকে ৪৩-এর মধ্যে নেমেছে। ৫০ স্কোর কোনো পরিবর্তন না হওয়াকে নির্দেশ করে। অন্যদিকে ৫০-এর কম স্কোর হওয়ার অর্থ অবস্থা আগের তুলনায় অবনতি হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকার বিনিয়োগনির্ভর, উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ ও জ্বালানিব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির বলেন, জ্বালানি নিরাপত্তার পাশাপাশি ব্যাংকিং খাতের দুরবস্থাও শিল্পের বড় সমস্যা। বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্প খাতের প্রকৃত অবস্থা, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ পরিস্থিতি বুঝতে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে দেশে একটি ম্যানুফ্যাকচারিং সূচকের প্রয়োজন ছিল। নিরপেক্ষ তথ্য থাকলে সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা এবং কার্যকর নীতি প্রণয়ন সহজ হবে।
বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, একটি শিল্পপ্রতিষ্ঠানের অর্ডার পাওয়া থেকে পণ্য সরবরাহ পর্যন্ত গড়ে ৬৫ দিন সময় লাগে। এর মধ্যে কাঁচামাল সংগ্রহেই ব্যয় হয় প্রায় ৩৫ দিন। এ সময় কমাতে পারলে উৎপাদনশীলতা বাড়বে।
দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দেশবন্ধু গ্রুপের ১২টি কোম্পানির কার্যক্রম গত আড়াই বছর ধরে বন্ধ। তবে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে এবং তারা চাকরিতে রয়েছেন। এটি এক ধরনের প্রচ্ছন্ন বেকারত্ব।





