spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক

জেড নিউজ ডেস্ক : 

আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ ব্যবস্থায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির আর্থিক সংকট কাটাতে রেজোলিউশন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ প্রক্রিয়ার অধীনে ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অধ্যাদেশে দেওয়া ক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। কার্যক্রম শুরুর পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। একপর্যায়ে আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতা তীব্র হলে ২০১৭ সালে প্রভাবশালী উদ্যোক্তাদের ব্যাংকটির নেতৃত্ব ছাড়তে হয়। পরে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে সরকারি চারটি ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তার মেয়াদেও ব্যাংকটির আর্থিক সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুর দিকে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা ও উদ্যোগের পরও খেলাপি ঋণ এবং গ্রাহকদের আস্থাহীনতার কারণে ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে। ব্যাংকটির মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। পাশাপাশি সুদ আয় ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন। আর্থিক সক্ষমতার প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে দুর্বল অবস্থানে থাকা ব্যাংকটির স্বল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট তথ্যে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের রেজোলিউশন প্রক্রিয়ার মাধ্যমে এখন ব্যাংকটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা, আর্থিক সংকট নিরসন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়