জেড নিউজ, ঢাকা:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম রিয়াদ (৩৯) নামের এক পেশ ইমামকে মাসআলা জানার কথা বলে মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ইমাম উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) এশার নামাজের পর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার আশরাফ মিয়াজি বাড়ির সমাজ জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইমাম আমিনুল ইসলাম রিয়াদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজার এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
ভুক্তভোগী ইমাম আমিনুল ইসলাম জানান, এশার নামাজের পর তিনি মসজিদে অবস্থান করছিলেন। এ সময় দুজন যুবক এসে বলেন, ‘আমরা আপনার কাছে দুটি মাসআলা জানতে এসেছি।’ মাসআলা জানার কথা বলে মসজিদের বারান্দায় নেওয়ার পর আরও ১৫-১৬ জন যুবক লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাকে মসজিদের পাশে তুলে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, মারধরের সময় হেলমেট পরা একজন তাকে উদ্দেশ্য করে বলেন- ‘নবীপুর থেকে এখানে চাকরি নিতে আসলি কেন?’ অপর একজনকে ‘আমার বোনের সংসার কেন শেষ করলি’ বলতে শোনেন তিনি।
এ ঘটনায় মসজিদ সমাজের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘হুজুর এখানে ৮ মাস ধরে চাকরি করছেন। কারও সঙ্গে তার কোনো দেনা-পাওনা নেই। কেন এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছি না।’
ইমাম আমিনুলের ভাই সাজেদুল ইসলাম বলেন, ‘আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রশাসন যেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





