জেড নিউজ, ঢাকা:
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র তিন দিনের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে গত ৩ সেপ্টেম্বর এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা দাম বাড়ানো হয়েছিল।
নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার বিষয়টি বিবেচনা করে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা করা হয়েছিল।
একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—এই তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমে।
অন্যদিকে, ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল। সোনার দাম কমলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে।




