জেড নিউজ, ঢাকা:
দেশে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৫১২টি শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একটির শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের বিভিন্ন তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।
এই ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।



