spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাসিনার পাসপোর্ট আবেদন: রয়টার্সের প্রতিবেদন নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন

জেড নিউজ, ঢাকা:

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এদিকে আন্তর্জাতিক এই বার্তা সংস্থার এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং রয়টার্স সেই চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে তাদের সংবাদে উল্লেখ করে।

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, চব্বিশ পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার পর তার পক্ষ থেকে নতুন এসব ভ্রমণ নথি সরবরাহের দাবি তোলা হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক বলেও তার সহযোগীদের বরাতে এতে দাবি করা হয়েছিল।

তবে রয়টার্সের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, শেখ হাসিনা বা তার আইনজীবীদের কাছ থেকে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো অফিসিয়াল আবেদন বা চিঠি তাদের হস্তগত হয়নি। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরটির বিপরীতে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলের পক্ষ থেকে আবেদন পাওয়ার এই দাবি সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হলো।

তবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মেইলে একটি ই–মেইল এসেছে। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে। কিন্তু এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তা বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধিনে আসামী হয়েই ফিরবেন। আর তার এই আবেদন করে থাকলেও সেটার গ্রহণযোগ্যতা কতটুকু, তা নিয়ে খতিয়ে দেখছে সরকার।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ও প্রাণঘাতী দমন-পীড়নের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও রায় হওয়ার আইনি পটভূমি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে সার্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনোর মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ায় হঠাৎ এমন খবরের প্রচার দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও ধোঁয়াশা সৃষ্টির একটি প্রয়াস হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়