spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মেসির জোড়া গোলে রোমাঞ্চকর জয় মায়ামির

জেড নিউজ স্পোর্টস:

লিওনেল মেসির জোড়া গোলে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে নতুন কোচ গিয়ের্মো ওইয়োসের অভিষেক ম্যাচেই দলকে জয় এনে দেন মেসি।

প্রায় ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে ডেনভারের বড় ভেন্যুতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে ঘরের দল কলোরাডো দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায়। শেষ পর্যন্ত মেসির জাদুতেই জয় নিশ্চিত হয় মায়ামির।

ম্যাচে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে-নিশ্চিন্ত ভঙ্গিতে তা জালে জড়ান মেসি। এরপর ম্যাচের শেষ দিকে ডান দিক দিয়ে আসা একটি থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের নিখুঁত শটে জয়সূচক গোল করেন তিনি।

এই জয়ে অভিষেক ম্যাচেই হাসি ফুটেছে কোচ গিয়ের্মো ওইয়োসের মুখে। এর আগে ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়ে যান হাভিয়ের মাচেরানো।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ওইয়োস বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছে, যিনি মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।’

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। কোচ আরও বলেন, ‘দল ধারাবাহিকভাবে উন্নতি করছে। আমরা একটি শক্তিশালী ইউনিট হিসেবে এগিয়ে যাচ্ছি।’

ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। এক পর্যায়ে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থদের সহায়তায় আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। ধারাবাহিক আক্রমণে দুই গোল করে সমতায় ফেরে তারা। তবে শেষ হাসি হাসে মায়ামিই-মেসির অনন্য নৈপুণ্যে।

শেষ মুহূর্তে ম্যাচ কিছুটা তিক্ত হয়ে ওঠে। সতীর্থের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়