জেড নিউজ ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. শহিদুলের স্ত্রী নুরজাহান (৫০), ছেলে আরিফ (২৫) ও মেয়ে আয়েশা (২৮) এবং প্রাইভেটকারের চালক যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর এলাকার জাহিদ (৩০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয় আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ চারজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।



