২৪/০৪/২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ‘নারী সংরক্ষণ বিল’ পাস না হওয়ায় ক্ষুব্ধ দুই অভিনেত্রী

    জেড নিউজ ডেস্ক :

    ভারতের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে লোকসভায় উত্থাপন করা হয়েছিল বহুল আলোচিত ‘নারী সংরক্ষণ বিল’। তবে প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাস হয়নি। আর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী এবং কঙ্গনা রানাওয়াত।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বিলটি পাস না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন হেমা মালিনী।

    নিজের টুইটার বার্তায় তিনি লেখেন, ‘নারীদের জন্য একটি দুঃখজনক দিন’।

    হেমা মালিনীর কথায়, ‘এই ব্যর্থতা সমস্ত নারীর। আজ তাদের জন্য একটি দুঃখজনক দিন। কারণ, অনেক নারী জাতীয় কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের অপেক্ষায় ছিলেন।

    অথবা অংশগ্রহণের কথা ভাবছিলেন। বিল পাস না হওয়ায় তাদের স্বপ্নভঙ্গ হলো। ব্যক্তিগত ভাবে আমি বেশ হতাশ হয়েছি। কারণ ভোটগ্রহণের ঠিক আগের মুহূর্তে আমি সংসদে দাঁড়িয়ে এই বিলটির গুরুত্ব সম্পর্কে আমার বক্তব্য জানিয়েছিলাম।

    অন্যদিকে কঙ্গনা রানাওয়াতও এই সিদ্ধান্তে তীব্র হতাশা প্রকাশ করেছেন। তিনি এটিকে ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবে উল্লেখ করে লেখেন, ‘আজকের দিনে এর চেয়ে বেশি দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা আর কিছুই হতে পারে না।’

    উল্লেখ্য, লোকসভা ও বিভিন্ন রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে এই বিল উত্থাপন করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং লিঙ্গসমতা নিশ্চিত করা।

    যদিও বিলটির পক্ষে ভোট বিপক্ষের তুলনায় বেশি ছিল, তবুও প্রয়োজনীয় ‘বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’র সীমা অতিক্রম করতে না পারায় শেষ পর্যন্ত লোকসভায় তা প্রত্যাখ্যাত হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়