২০/০৪/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আলোচনায় প্রীতম–জেফারের ‘তুমি আমি শুধু’

    জেড নিউজ ডেস্ক :

     গল্পের কেন্দ্রে আছে একটি ‘ভুল’—ভুল ঠিকানায় পৌঁছে যায় একটি ফুড ডেলিভারি। সেই ছোট্ট ঘটনাই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে তানভীর (প্রীতম হাসান)—আবেগপ্রবণ, হঠাৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত, যে বিশ্বাস করে জীবনের সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। অন্যদিকে সুবাহ (জেফার রহমান)—সংযত, যুক্তিনির্ভর, সম্পর্কের আগে প্রশ্ন করতে ভালোবাসে। এই দুই বিপরীত মানসিকতার মানুষের পথ এক হওয়া, তাদের মধ্যে অদৃশ্য টান তৈরি হওয়া—এসব নিয়েই এগিয়েছে গল্প। প্রশ্নটি তাই থেকেই যায়—বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো যোগসূত্র? এই দোলাচলের মধ্যেই সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে নেয় সিনেমা তুমি আমি শুধু।

    বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, প্রশংসা আর ব্যক্তিগত অনুভূতির ভাগাভাগি। মুক্তির আগে টিজার-ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে, মনে করছেন অনেক দর্শক।

    পরিচালক শিহাব শাহীন-রোমান্টিক ড্রামায় সিদ্ধহস্ত; ‘তুমি আমি শুধু’তেও রয়েছে সে ছাপ। চেনা গল্পকেই উপভোগ্য করে হাজির করেছেন তিনি। দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। দুজনই আগে নির্মাতার সঙ্গে কাজ করেছেন। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর সবশেষ ঈদে ‘ক্যাকটাস’–এ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে জেফারকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ দেখা গেছে। নতুন এই সিনেমায় দুই সংগীতশিল্পীর রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক।

    নির্মাতা জানালেন, বছরখানেক আগে শুটিং শেষ হলেও বিভিন্ন কারিগরি জটিলতায় আটকে ছিল তুমি আমি শুধু। অবশেষে সেই জটিলতা কাটিয়ে বৈশাখে সিনেমাটি মুক্তি পেয়েছে। শিহাব শাহীন বলেন, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। একই সঙ্গে এটি একটি প্রেমের গল্পও—যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়