জেড নিউজ, ডেস্ক:
খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে আব্দুল জলিল মুন্সি (৩৫) নামেi এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা যায়নি।
তিনি আরো বলেন, নিহত জলিলের কাছে কারা চাঁদা চেয়েছিল, সে বিষয়েও তথ্য মিলেছে। মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। টনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।




