জেড নিউজ, ঢাকা:
দেশে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা এবং এর আর্থ-সামাজিক প্রভাব তুলে ধরতে যৌথভাবে গবেষণা করার উদ্যোগ নিয়েছে বিকাশ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ), ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ : ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক এই গবেষণার মূল বিষয়বস্তু হলো মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউআইইউ-র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআর-এর নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশ-এর চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের ইভিপি ও হেড শাহরিয়ার মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের পরিবর্তনের ধারায় এখন মানুষ অনেকটাই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছেন। এমএফএস ও ব্যাংকগুলোর ধারাবাহিক উদ্ভাবন, ডিজিটাল লিটারেসি বাড়ানোর উদ্যোগ, বিস্তৃত ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম এবং নিয়ন্ত্রক সংস্থার সহায়তার ফলে দেশে ডিজিটাল লেনদেনের যে প্রসার ঘটেছে, তা মানুষের আর্থিক লেনদেনের ব্যবহার ও ধরনে এনেছে বড় পরিবর্তন। এই ডিজিটাল রূপান্তরে কীভাবে গ্রাহকরা অভ্যস্ত হয়েছেন, এর ওপর কতটা আস্থা রাখছেন এবং ব্যবহারিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন-গবেষণায় তা তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে আনা হবে।
এই গবেষণায় দেশে ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রসারের পেছনে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা প্রধান অনুঘটকগুলো বিশ্লেষণের পাশাপাশি লেনদেনের পরিধি বাড়াতে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সরকারি সহায়তার ভূমিকা পর্যালোচনা করা হবে।
কেবল অভ্যস্ততার পেছনে মূল কারণগুলো চিহ্নিত করাই নয়, সমাজজীবনে ডিজিটাল লেনদেনের সার্বিক প্রভাবও অনুসন্ধান করবে গবেষণা দলটি। পাশাপাশি, আস্থা এবং সমাজে প্রচলিত ধারণা ডিজিটাল লিটারেসি ও ডিজিটাল লেনদেনে কী প্রভাবকের ভূমিকা রাখে তাও বিশ্লেষণ করবে গবেষণাটি।
এই গবেষণার ফলাফল দেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ চিন্তা ও ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে সাহায্য করবে।





