জেড নিউজ ডেস্ক:
দেশে অরাজকতা সৃষ্টিকারীরা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের ভাগ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার জনগণকে সাথে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে চায়। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকতে বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। একইসাথে জনগণকে সজাগ থাকার আহবান জানান সরকার প্রধান।
এরআগে, ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুরে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি।



