জেড নিউজ, ঢাকা:
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত পাওয়া গেলে ঈদের পরই মামলার বিচারকাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা এমনভাবে এই মামলাটির বিচার অগ্রাধিকারভিত্তিতে শুরু করতে চাই যাতে কোনো প্রশ্ন না থাকে।’
আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় ডিএনএ রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। ৭২ ঘণ্টার বেশি ডিএনএ রিপোর্ট তৈরি করতে সময় লাগার কথা নয়। সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করেন তিনি।
শনিবার রাজধানীর মহাখালী ব্রাক সেন্টার অডিটরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় কর্মশালায় এসব কথা বলেন তিনি।
পাশাপাশি নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্তার বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।



