জেড নিউজ, ঢাকা:
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাড়তি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন সরবরাহ নির্ধারণে আগের বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরা হতো। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমান চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া যায়।
পেট্রোল পাম্প মালিকরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাদের মতে, চাহিদার তুলনায় সরবরাহ এখনও পুরোপুরি পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চাপও হ্রাস পাবে।
এর আগে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।



