জেড নিউজ, ঢাকা:
দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে গত দুই দিন রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস চলাচল স্বাভাবিক হওয়ার পর দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি বাস।
এসময় কাউন্টারে অপেক্ষমাণ মাহমুদ জুয়েল নামে এক যাত্রী বলেন, ‘রাজশাহীতে কিছুদিন পরপর এমন সমস্যার সৃষ্টি হয়। এতে আমার মতো হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। সকাল ৮টায় কাউন্টারে এসেছিলাম। এখন গাড়ি ছাড়ছে। যাই হোক, ভোগান্তি শেষে গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়েছে, এতেই আমরা খুশি।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।




