ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টরা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেওয়া এমন ৭৩৪ পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, আইবি।
পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী-সন্তানও সেখানে অবস্থান করছেন। কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন।
ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতোমধ্যে গণমাধ্যমে কথাও বলেছেন। তাদের কেউ কেউ পালিয়ে যাওয়ার কথা স্বীকারও করেছেন। কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা গেছে।
জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতায় অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা। পলাতকরা দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করেছেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক, মার্কেটসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে। এসব নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাকীদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন কলকাতায়। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি রয়েছেন ওই সরকারের শীর্ষ আমলা, পদস্থ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনার, সরকারি আইনজীবীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা।
জেড নিউজ, ঢাকা।



