২১/০৫/২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

    জেড নিউজ ডেস্ক:

    আগামী চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কম মূল্যসংযোজনকারী মানবসম্পদ প্রতিস্থাপনের মাধ্যমে কার্যক্রম আরও দক্ষ ও লাভজনক করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এআই প্রযুক্তির সহায়তায় পরিচালন ব্যয় কমিয়ে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে ব্যাংকিং প্রতিষ্ঠানটি কর্মীসংখ্যা কমাবে। কৌশলগত পরিকল্পনায় লন্ডনভিত্তিক ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।

    ব্যাংকের প্রধান নির্বাহী বিল উইন্টার্স বলেছেন, যেসব কর্মী নতুন দক্ষতা অর্জন করে কাজ চালিয়ে যেতে চান, তাদের পুনঃপ্রশিক্ষণ ও নতুন দায়িত্বে পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে।

    এই কর্মীছাঁটাই ও নতুন শেয়ারহোল্ডার রিটার্ন লক্ষ্যমাত্রা ঘোষণার মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের দীর্ঘমেয়াদি রূপান্তর পরিকল্পনার শেষ পর্যায়ে প্রবেশ করেছে। গত এক দশকে সম্ভাব্য অধিগ্রহণ ঝুঁকি থেকে বেরিয়ে এসে ব্যাংকটি ধীরে ধীরে স্থিতিশীল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

    গত ১২ মাসে ব্যাংকটির লন্ডন তালিকাভুক্ত শেয়ারের দাম ৬৫ শতাংশ বেড়েছে। তবে নতুন লক্ষ্যকে বিশ্লেষকেরা প্রত্যাশার তুলনায় কিছুটা রক্ষণশীল হিসেবে দেখায় মঙ্গলবার শেয়ারের দর ০.৫ শতাংশ কমে যায়।

    কিফ, ব্রুইয়েট অ্যান্ড উডসের বিশ্লেষক এড ফার্থ বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার পরিবেশে দীর্ঘমেয়াদে একই ধরনের পারফরম্যান্স ধরে রাখা কঠিন হতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় উচ্চ সুদহার ও বিপুল সম্পদ প্রবাহ থেকে ব্যাংকটি বড় সুবিধা পেয়েছে।

    বিশ্বজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এখন ব্যয় কমাতে ও দক্ষতা বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। জাপানের মিঝুহো গত মার্চে আগামী এক দশকে প্রায় ৫ হাজার চাকরি কমানোর পরিকল্পনা ঘোষণা করে। একই সঙ্গে বৈশ্বিক ব্যাংকগুলো উন্নত এআই প্রযুক্তি সংযোজন ও সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রতিযোগিতায় নেমেছে।

    স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের ব্যাক-অফিস কার্যক্রমে। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত কেন্দ্রগুলোতে কর্মীসংখ্যা কমানো হবে।

    বিল উইন্টার্স বলেন, মূল ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করতে চলমান সংস্কার কার্যক্রমে এআই বড় সহায়ক হিসেবে কাজ করবে।

    ২০২৮ সালের জন্য নতুন আর্থিক লক্ষ্য স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে তারা ১৫ শতাংশের বেশি রিটার্ন অন ট্যাঞ্জিবল ইকুইটি (আরওটিই) অর্জনের লক্ষ্য নিয়েছে, যা ২০২৫ সালের তুলনায় তিন শতাংশ পয়েন্টেরও বেশি। ২০৩০ সালের মধ্যে এই হার প্রায় ১৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    উচ্চ মুনাফাযুক্ত খাত; বিশেষ করে ধনী খুচরা গ্রাহক ও করপোরেট এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে ব্যাংকটি।

    এছাড়া ২০২৯ সালের পরিবর্তে ২০২৮ সালের মধ্যেই ২০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য সামনে আনা হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটি সর্বোচ্চ সম্পদ ব্যবস্থাপনা আয় ও নতুন গ্রাহক তহবিল সংগ্রহ করেছে।

    এশিয়া-প্যাসিফিক ও আফ্রিকাকেন্দ্রিক কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করছে।

    বিশ্লেষকদের মতে, ইরান সংকট দীর্ঘায়িত হলে জ্বালানি ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যাংকগুলোকে ঋণঝুঁকির বিপরীতে আরও বেশি সংরক্ষণ রাখতে হতে পারে।

    স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রথম প্রান্তিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৯ কোটি ডলার সংরক্ষণ করেছে।

    উইন্টার্স বলেন, ভূরাজনৈতিক ও বাজার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকটি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং ঘোষিত লক্ষ্য অর্জনে তারা আত্মবিশ্বাসী।

    এদিকে দীর্ঘ ১১ বছর নেতৃত্বে থাকার পর বিল উইন্টার্সের উত্তরসূরি নিয়ে বাজারে যে জল্পনা তৈরি হয়েছে, সেটিও প্রশমনের চেষ্টা করেছে ব্যাংকটি। উইন্টার্স জানিয়েছেন, নতুন কৌশল বাস্তবায়নের জন্য তিনি আরও কয়েক বছর দায়িত্বে থাকবেন।

    গত সোমবার ব্যাংকটি বিনিয়োগকারী সম্পর্ক বিভাগের প্রধান ও অভিজ্ঞ ইকুইটি গবেষক ম্যানাস কস্তেলোকে স্থায়ী প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ দেয়। তিনি ডিয়েগো ডি জর্জির স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ফেব্রুয়ারিতে প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়