২৪/০৫/২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঈদের আগে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন

    জেড নিউজ, ঢাকা:

    ঈদ মানেই আনন্দ, উৎসব আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি। নতুন পোশাক, মেকআপ কিংবা পছন্দের অ্যাক্সেসরিজের পাশাপাশি সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ত্বক। উজ্জ্বল, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পুরো লুককে করে তোলে আরও আকর্ষণীয়। তবে গ্রীষ্মের তীব্র গরমে ত্বকের ওপর বাড়তি চাপ পড়ে। অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও রোদের কারণে ত্বক হারিয়ে ফেলে তার স্বাভাবিক উজ্জ্বলতা। তাই ঈদের আগে ত্বকের যত্নে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানের দিকে নজর দেওয়া জরুরি।

    শসার প্যাক

    গরমে ত্বক সতেজ রাখতে শসার প্যাক খুবই কার্যকর। অতিরিক্ত গরমে ত্বক অনেক সময় শুষ্ক হয়ে পড়ে, আবার তৈলাক্ত ত্বকেও বারবার তেল জমে অস্বস্তি তৈরি হয়। এই দুই সমস্যাতেই উপকারী শসা। প্যাক তৈরির জন্য শসা ব্লেন্ড করে তার সঙ্গে ১ টেবিল চামচ মসুর ডাল বাটা মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ঠান্ডা রাখতেও সাহায্য করে।

    ময়েশ্চারাইজিং ফেসপ্যাক

    গরম হোক বা শীত, ত্বকের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। কারণ ত্বক আর্দ্রতা হারিয়ে ফেললে বলিরেখা দেখা দিতে পারে এবং ত্বক দ্রুত নিষ্প্রাণ হয়ে পড়ে। এই ফেসপ্যাক তৈরির জন্য ১ টেবিল চামচ গোলাপের পাপড়ি ও ৩টি খেজুর কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলো ব্লেন্ড করে তার সঙ্গে সামান্য চন্দনের গুঁড়া মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও মসৃণ রাখার পাশাপাশি দীর্ঘসময় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

    জাফরানের ব্যবহার

    ত্বকের যত্নে জাফরান বা কেশর বহু বছর ধরে বিলাসবহুল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কয়েকটি জাফরান কাঁচা দুধ বা গোলাপ জলে ভিজিয়ে সেই মিশ্রণ মুখে লাগাতে পারেন। জাফরানের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

    ঈদের আগে সুন্দর ও সতেজ ত্বক পেতে দামি প্রসাধনী ব্যবহার করতেই হবে এমন নয়। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এসব ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে গরমেও ত্বক থাকবে উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়