জেড নিউজ, ঢাকা:
ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সেখানকার এক জ্যেষ্ঠ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই শিক্ষার্থীর নাম মো. শিহাব হোসেন।
বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মো. আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপকমিশনার হারুন অর রশিদ বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ কারণে মাদ্রাসার তরফে তার বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ কর্মকর্তা হারুন বলেন, “শিশুটি ফাঁস নেওয়ার আগেই অভিযুক্ত শিহাব মাদ্রাসা থেকে বেরিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
শিশু আব্দুল্লাহকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব ও নাম না জানা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন বলে জানান তিনি।



