জেড নিউজ, ঢাকা:
সারাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।
দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় অন্যান্য অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে আসবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।



