জেড নিউজ স্পোর্টস:
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপে আবারও হারের তেঁতো স্বাদ পেয়েছে লেস্টার সিটি। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এই হারে চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের শঙ্কা আরও জোরালো হয়েছে লেস্টার সিটির।
দলের এমন হারের দিনে ভয়াবহ এক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। গ্যালারি থেকে ‘বর্ণবাদী’ আক্রমণের শিকার হয়েছেন তিনি। রেফারির কাছে সেটি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টো হলুদ কার্ড দেখেছেন হামজা!
ম্যাচের ৭১ মিনিটে ঘটনাটি ঘটে। সেই সময় ১-০ গোলে পিছিয়ে ছিল লেস্টার সিটি। ম্যাচের শুরু থেকে খেলা হামজা চৌধুরীকে ওই সময় তুলে নেন কোচ লেস্টার কোচ গ্যারি রোয়েট। কিন্তু মাঠ ছাড়ার সময়ই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন হামজা।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠ ছাড়ার সময় হামজাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন বেশ কয়েকজন পোর্টসমাউথ সমর্থক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্যালারির দিকে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হামজা। এরপর ডাগ আউটের দিকে এগিয়ে যান তিনি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ রেফারি সেখানে হস্তক্ষেপ করেন। হামজা ইশারায় তার সঙ্গে ঘটে যাওয়া অপমানজনক ঘটনার কথা বোঝানোর চেষ্টা চালান। কিন্তু সেদিকে নজর না দিয়ে রেফারি হামজাকে হলুদ কার্ড দেখান। রেফারির এমন সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা। পরে তিনি কোচিং স্টাফের এক সদস্যকে সরিয়ে ডাগ আউটের বেঞ্চে বসে পড়েন।
হামজার এমন বাজে অভিজ্ঞতার ম্যাচ হেরে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় এখন লেস্টার সিটি। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ২৩ নম্বরে হামজার দল। অবনমন এড়াতে চাইলে টেবিলের অন্তত ২১ নম্বরের মধ্যে থাকতে হবে লেস্টারকে।



